নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতিকালে চার ডাকাতকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দু’টি হ্যান্ডকাফ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
সোমবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আটক চার ডাকাতকে হাজির করা হয়।
আটককৃতরা হলেন, চট্রগাম লোহাপাড়া থানার চরম্বা এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে মো. নাছির উদ্দিন (৩২), চাঁদপুর মতলব থানার চেঙ্গারচর এলাকার মৃত রসুল দেওয়ানের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৩), সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার রুদ্রগাথী এলাকার মো. মাজেদের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৪), কুমিল্লা লাঙ্গলকোট থানার বড় ফতেপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ও মাইক্রোবাসের চালক মো. স্বাধীন (৪৪)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার বিকাল সাড়ে ৪টায় বন্ধন পরিবহনের একটি বাস নারায়ণগঞ্জ আসার পথে লিংক রোডের ফতুল্লা ভূঁইগড় মেগাডাম চাইনিজ রেস্টুরেন্টের সামনে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৬১২১) বাসটিকে থামায়। ওই মাইক্রোবাসে থাকা পাঁচ ডাকাত নিজেদের ডিবি পরিচয় দিয়ে যাত্রীদের তল্লাশির নামে টাকা লুটে করতে শুরু করে। এ সময় ওই এলাকায় টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়াকালে তাদের একজন পালিয়ে যেতে সক্ষম হলেও ৪জনকে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে দু’টি হ্যান্ডকাফ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
কেএইচ





