পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে আল আমিন (২৭) নামের এক তরুণকে কুপিয়ে বাঁ পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আল আমিন উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের আবদুল করিম ঘরামির ছেলে। সে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মী।

এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে আল আমিনের বোন লিয়া বেগম বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসানকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেছেন।

মঠবাড়িয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

পুলিশ ও আহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার সকালে আল আমিন ও তাঁর বন্ধু স্বেচ্ছাসেবক লীগের মঠবাড়িয়া পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাড়ি থেকে মঠবাড়িয়া শহরে যাচ্ছিলেন। পথে সকাল ১০টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আল আমিন ও আমিনুলকে ধাওয়া করেন।

এ সময় আমিনুল দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও আল আমিনকে ওই যুবকেরা ধরে ফেলেন। এরপর আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস ইসলাম বলেন, আল আমিনের বাঁ পায়ের রগ কেটে গেছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের জখম ও আঘাতের ক্ষত রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসান ও মঠবাড়িয়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু শরীফ সঙ্গে আমিনুল ইসলামের পূর্বশত্রুতা রয়েছে। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

ফুয়াদ হাসান ও বাবু শরীফ ঘটনার পর পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

 

 

 

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ