সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার মির্জাপুর চারা বটতলা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো-জ-১১-০১০৭) যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা (খুলনা মেট্রো-জ-০৪-০০৭৮) যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের তালা, পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে দুই জন মারা যান। এদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর জেলার গোপালপুর এলাকার সাহেব আলী (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো-জ-১১-০১০৭) যাত্রীবাহী বাস মির্জাপুর চারা বটতলা এলাকায় যাত্রী নামাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা (খুলনা মেট্রো-জ-০৪-০০৭৮) যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পাটকেলঘাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস দুটি মেইন সড়কের ওপর থেকে পুলিশ সরিয়ে মহাসড়কে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে।

কেএইচ