বৈরী আবহাওয়া ও পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। এতে উভয় পাড়ে আটকে থাকা সাধারণ যাত্রীরা ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন।
সোমবার বিকাল পৌনে ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে বৈরী আবহাওয়া কেটে গেলে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে।
লঞ্চ মালিক সমিতির একজন সদস্য জানান, পারাপারের জন্য ঘাট এলাকায় ৩৭টি ছোট-বড় লঞ্চ রয়েছে। ঈদের বাড়তি চাপ সামলাতে ঘাট এলাকায় আরও অতিরিক্ত লঞ্চ রয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে বাতাসের বেগ বাড়তে থাকলে পরিস্থিতি বুঝে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএর পাটুরিয়া ঘাটের পোর্ট অফিসার কবীর হোসেন জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল থাকায় লঞ্চ চালানো সম্ভব না হওয়ায় যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে আবহাওয়ার অবস্থা ভালো হলে এবং পদ্মায় ঢেউ না থাকায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





