ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দলীয় কার্যালয়ে যুবলীগের দুই গ্রুপের সভা ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।

উপজেলার রেলগেট, আশুগঞ্জ বাজার, দলীয় কার্যালয় ও গোলচত্বর এলাকায় এ ধারা জারি করা হয়েছে।

যুবলীগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক বর্ধিত সভা আহ্বান করে।

এর একদিন পর সাবেক কমিটির সাধারণ সম্পাদক মুনির শিকদার একইস্থানে পাল্টা বর্ধিত সভা ডাকেন।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার বলেন, ‘আমাদের বর্ধিত সভা বানচালের জন্য তারা এ সভা আহ্বান করেছেন।’

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করা হয়। তবে তারা কেউ তা মানেনি। তাই এ ১৪৪ ধারা জারি করা হয়।

কেএইচ