সুন্দরবন হত্যা করে বিদ্যুতকেন্দ্র তৈরির পরিকল্পনা দেশের বাইরে থেকে করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।

তিনি বলেছেন, দেশে যখন জঙ্গি হামলা চলছে, তখন সুন্দরবনকে ধংস করতে জাতিকে আড়াল করে এ চুক্তি করা হয়েছে। যা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘সুন্দরবন একটাই: সুরক্ষার দায়িত্ব আমাদেরই’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।

ড. এমাজউদ্দীন বলেন, সুন্দরবন বাংলাদেশের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছে। অনেক ঝড়ঝঞ্জা থেকে বাংলাদেশের মানুষকে বাঁচিয়েছে। কতো অল্প আয়ের জন্য জাতির কতো বড় ক্ষতি হতে যাচ্ছে, সরকার তা এখনো বুঝতে পারছে না।

এমাজউদ্দিন আহমেদ জানান, সুন্দরবনের যে এত ক্ষতি হচ্ছে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরোপুরি জানেন না। তিনি সুন্দরবনের ক্ষতির বিষয়টি পুরোপুরি জানলে এতবড় ক্ষতি হতে দিতেন না।

আগামী আগস্টের মধ্যে সুন্দরেবনের প্রকৃত ক্ষয়ক্ষতি হিসাব করে জাতির সামনে তুলে ধরতে পরিবেশ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা থেকে বিদ্যুতকেন্দ্র সরিয়ে অন্য জায়গায় স্থাপনেরও আহবান জানান তিনি।

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দ তোশারফ আলী, বাপার সাধারণ সম্পাদক ড. আবদুল মতিন, আইনজীবী হুমায়ুন কবির বুলবুল প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএইচআরএমের নির্বাহী প্রধান মোজাহেদুল ইসলাম মুজাহিদ।

এসএম