রাজশাহীর শাহমাখদুমে ভাড়ালি পাড়া এলাকার বড় বনগ্রামের শহিদুল ইসলামকে শনিবার রাত ৩টায় আটক করে পুলিশ।
কিন্তু আটকের বিষয়টি পরে অস্বীকার করায় উদ্বেগ প্রকাশ ও তার সন্ধান দাবি করেছে শহিদুল ইসলামের পরিবার।
এক বিবৃতিতে শহিদুল ইসলামের পিতা জালাল উদ্দিন বলেন, কোন কারণ ছাড়াই নওদাপাড়া থেকে শহিদুলকে আটক করে ডিবি পুলিশ। খবর শুনে তার অবস্থান জানতে সকালে আমরা শাহমাখদুম থানায় যোগাযোগ করি। কিন্তু তাকে আটকের কথা পুলিশ স্বীকার করছে না। পুলিশের এই অস্বীকারে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা তার জীবন নিয়ে শঙ্কাবোধ করছি।
আমাদের জানা মতে, আমাদের সন্তান কোন ধরণের রাজনীতি বা কোন প্রকার অপরাধের সাথে জড়িত নয়। এর পরও আমাদের সে যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে এর জন্য দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হওয়ার কথা। সবার মতো আমরাও সেটাই আশা করি। কিন্তু বার বার যোগাযোগের পরও পুলিশ তার গ্রেপ্তারের কথা স্বীকার করছেনা।
সম্প্রতি রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তারের পর অস্বীকার করে পরে বন্দুকযুদ্ধের নামে অনেককেই হত্যা করা হয়েছে। যা আমাদের আরও উদ্ধিগ্ন করে তুলেছে। এ অবস্থায় আমরা সুবিচারের জন্য সরকার, পুলিশ ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
আশা করছি, আমাদের সন্তান পুলিশের কাছে নিরাপদে আছে এবং অন্যায়ভাবে তাদের কোন নির্যাতন করা হবে না। আমাদের বিশ্বাস, সুবিচার হলে আমাদের নির্দোষ সন্তান নিরপরাধ প্রমাণিত হবে এবং মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
জেএ





