স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক আলহাজ মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতায় আজ অবধি দেশের যে উন্নয়ন সাধিত হয়েছে স্বাধীনতার পর আর কোনো সরকার এতো উন্নয়ন করেনি। বিএনপি’র শাসনামল ছিল শুধু লুটপাটের রাজত্ব। বিএনপি- জামায়াত জোট দেশে শুধু জঙ্গি তৈরি করেছে, এ জন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’
উত্তরবঙ্গে সফরকালে বগুড়ার শেরপুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকেল ৫টায় শেরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে টাউনক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সাত্তার।
মন্ত্রী বলেন, ‘গরিব-দুখি মানুষের পাশে থাকাটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈশিষ্ট্য। তার নির্দেশে দেশের গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ করার জন্য এসেছি।’
তিনি বলেন, ‘শুধু শেখ হাসিনার মাধ্যমে উন্নয়নই নয়, বিএনপি’র জঙ্গিবাদীচক্রকে ৬ মাসের ব্যবধানে শক্তহাতে দমন, বিদ্যুতের সমস্যা সমাধানসহ নানা উন্নয়ন করতে সক্ষম হয়েছে।’
নাসিম বলেন, ‘রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচন কমিশনার গঠনে আমাদের বিশ্বাস রয়েছে। ওই নির্বাচন কমিশনের অধীনেই আগামী ২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি’র যদি সাহস থাকে তাহলে অংশ নিয়ে প্রমাণ করুক- কে হারবে আর কে জিতবে। জনগণ আওয়ামী লীগকেই ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে দেখিয়ে দেবে এ দেশে জঙ্গিবাদ সৃষ্টিকারীদের কোনো স্থান নেই।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বগুড়া-৫ আসনের এমপি আলহাজ হাবিবর রহমান, জাতীয় পার্টির (মঞ্জু) কেন্দ্রীয় কমিটির নেতা এজাজ আহম্মেদ মুক্তা, আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনু, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অসিত বরণ রায়, গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন, বাসদের কেন্দ্রীয় নেতা রেজাউর রশিদ খান, গনআজাদিলীগের কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ, জাসদের (ইনু) কেন্দ্রীয় নেতা রোকনুজ্জামান, বীরেন সাহা, ওয়ার্কার্স পার্টি নেতা আব্দুর রাজ্জাক, ন্যাপ নেতা অধ্যাপক নুরুল মজিদ বেলাল, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া প্রমুখ।
শেষে মন্ত্রী উপজেলার দুস্থ ও গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
জারিফ





