ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমি মনে করি, কানেক্টিভিটি শুধু দুই দেশের নয়, এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল মিলনায়তনে দুই দেশের প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য রাখেন। এর আগে তাঁদের মধ্যে ১৯টি বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক, সম্মতিপত্র স্বাক্ষর হয়।
ভারতের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ভারত গত কয়েক বছরে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গত ছয় বছর ধরে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রায় সবগুলো অর্জন করতে পেরেছি। ভারতও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আমরা পরস্পর উন্নয়ন সহযোগী।
আজকে এই অপরাহ্নে খুবই ফলপ্রসূ ও দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। আমাদের আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। আমরা পরস্পরের উদ্বেগ ও অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে অবগত রয়েছি। দ্বিপক্ষীয় সব নিয়ে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদি এবং আমি উভয়ই এ বিষয়ে সম্মতি হয়েছি যে, কানেক্টিভিটি শুধু দুই দেশের নয় এই অঞ্চলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, উপকূলীয় নৌ-চলাচল চুক্তি, বাণিজ্য চুক্তি নবায়ন, অভ্যন্তরীণ নৌপরিবহন প্রটোকলে স্বাক্ষর এবং এর সঙ্গে সঙ্গে নতুন বাস সার্ভিসগুলোর উদ্বোধন এ অঞ্চলের সংযোগ প্রতিষ্ঠার প্রতি আমাদের অঙ্গীকারের দৃষ্টান্ত।
এএইচ





