পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, আমরা জনগনের পুলিশ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন কমিউনিটি ব্যাংকের পঞ্চবটি শাখার উদ্বোধনকালে আইজিপি এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারি বলেন, ফতুল্লা ও পঞ্চবটিকে ঘিরে শিল্পে, বাণিজ্যে এখন বিশাল কর্ম তৎপরতা চলছে। প্রতিদিনই উন্নয়ন হচ্ছে। আমরা সেই উন্নয়নের সহযোগী হতে চাই। তাই আমরা আপনাদের দ্বারপ্রান্তে সেবা পৌছে দিতে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে কমিউনিটি ব্যাংকের শাখাটির উদ্বোধন করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত মহাপরিদর্শক (ইন্ড্রাস্টিয়াল পুলিশ) আব্দুস সালাম, উপ মহাপরিদর্শক (ফাইনান্স) আবু হাসান মুহাম্মদ তারিক, উপ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম, ব়্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (স্কোয়াড্রন লিডার) মো. রেজাউল হক, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলমসহ বাংলাদেশ পুলিশ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

জাবেদ পাটোয়ারি বলেন, প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া একমাত্র ব্যাংকই হলো আমাদের কমিউনিটি ব্যাংক। মাত্র ২ মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাংকটির উদ্বোধন ঘোষণা করেছিলেন। এটাও আমাদের জন্য একটি বিশাল গর্বের জায়গা। ৬টি শাখা চালু করার অনুমতি পেয়েছি। এ পর্যন্ত যতগুলো শাখার উদ্বোধন করা হয়েছে। প্রতিটি শাখাতেই ব্যাপক সাড়া পেয়েছি। আগামী বছরের মধ্যেই আমরা ৬৪ জেলাতেই এ সেবা পৌছে দিবো।

তিনি আরো বলেন, বাংলাদেশ গঠনে ১৯৭১ সালের প্রথম প্রহর থেকে শুরু করে এখন পর্যন্ত সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের যে ভূমিকা ছিল, তা প্রথম সারির যোদ্ধার মতো। তাই আমরা গর্বিত। সেই বাংলাদেশ পুলিশেরই একটি উদ্যোগ কমিউনিটি ব্যাংক। আমরা জনগণের পুলিশ। ব্যাংকটিও জনগণের জন্য।

এএইচ