সাতক্ষীরার আশাশুনিতে একটি বাঘের চামড়া ও চারটি হরিণের চামড়াসহ পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-৬।

উপজেলার আশাশুনি বুধহাটায় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

আটক তিন পাচারকারী হলেন- আশাশুনি উপজেলার দূর্গাপুর গ্রামের মন্তাজ আলী মোড়লের ছেলে ইসমাইল মোড়ল (৩৫), দেবহাটা উপজেলার কড়া গ্রামের ওহাব আলী সরদারের ছেলে আবু ছালেক (৪২) ও খুলনা জেলার দাকোপ থানার কালাবগী গ্রামের মুনসুর গাজীর ছেলে আমান উল্লাহ গাজী (২৫)।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ইনামুল আরিফ সুমন এক প্রেস ব্রিফিংয়ে জানান, সুন্দরবনের বাঘ ও হরিণের চামড়া পাচার করার জন্য একটি পাচারকারী চক্র আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর এএসপি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় র‌্যাব সদস্যরা সেখান থেকে একটি বাঘের ও চারটি হরিণের চামড়াসহ ৩ পাচারকারীকে হাতে নাতে আটক করে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি নুরুল আমিন বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি র‌্যাব সদস্যরা তালা উপজেলার কুমিরা এলাকা থেকে দ্বীন মোহাম্মদ গাইন নামের এক পাচারকারীকে একটি বাঘের চামড়াসহ আটক করে। এর পর গত ১৩ ফেব্রুয়ারি কালিগঞ্জ উপজেলার নলতা থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করে।

এ ঘটনায় কোনো চোরাকারবারী আটক বা গ্রেফতার হয়নি। এর আগে ২০১৪ সালের ১৫ অক্টোবর রাতে শহরের ইটাগাছা এলাকা থেকে দুটি বাঘের চামড়াসহ ছয় ব্যক্তিকে আটক করে র‌্যাব।

এমকে