যৌতুকের টাকা না দেওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিতে মারুফা আক্তার নিশা (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে পাষণ্ড স্বামী। মারুফা সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারুফা রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাতি গ্রামের মাহমুদ আলমের মেয়ে ও সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের মৃত ইহছানুল হকের ছেলে আব্দুল মমিনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চে মারুফা আক্তার নিশার সঙ্গে বিয়ে হয় আব্দুল মমিনের।বিয়ের পর থেকেই তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে মমিন। এ নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে মারুফাকে শ্বাসরোধে হত্যা করে নিজের ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় পাষ- স্বামী মমিন।
পরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইআর





