লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকায় ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ফরিদপুর আটরশি পীরের খাদেমের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। মঙ্গলবার ওয়াজ মাহফিলের সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে লালমনিরহাট আদালতে এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ওই এলাকায় দরবেশের মাজারে গত ৩০ মার্চ ৫৩ তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেন স্থানীয় মাজার কমিটি। মাহফিলের প্রধান বক্তা ছিলেন তিতুমীর সরকারী কলেজের প্রাক্তন আরবী প্রভাষক ও ফরিদপুর আটরাশি বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব মাওলানা মুফতী আব্দুল ওয়াদুদু সিদ্দিকী।

তিনি এ জন্য সম্মানী হিসাবে ১৫ হাজার টাকা চুক্তি করে বিকাশে ২ হাজার টাকা গ্রহন করেন। কিন্তু ওয়াজ মাহফিলের দিন না এসে মোবাইল ফোন বন্ধ করে রাখেন। এ কারণে পুরো অনুষ্ঠানটি ব্যাঘাত ঘটে। এ ঘটনায় ওই বক্তাকে আসামী করে গত মঙ্গলবার লালমনিরহাট হাতীবান্ধা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন ওই ওয়াজ মাহফিলের সম্পাদক আমিনুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীকে সমন জারি করেছেন।

মামলার বাদী আমিনুর রহমান বলেন, প্রধান বক্তা না আসায় আমাদের পুরো ওয়াজ মাহফিলটি বৃথা হয়ে যায়। তিনি প্রতারণা করে আমাদের দানের টাকা আত্বসাত করেছেন। যে কারণে আমরা মামলা করেছি।

এ বিষয়ে ওই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ও ফরিদপুর আটরাশি বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব মাওলানা মুফতী আব্দুল ওয়াদুদু সিদ্দিকী বলেন, আমি যেতে চেয়ে ছিলাম। কিন্তু আমাদের দরবার শরীফ থেকে নিষেধ থাকায় আমি যেতে পারি নাই।

সরকার/জেড