বুধবার সকালে সাভারের আশুলিয়ায় পুলিশ হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের ওয়েবসাইটে এ দাবি করেছে।
বুধবার সকাল পৌনে আটটার দিকে আশুলিয়া থানার অধীন শিল্প পুলিশের একটি দল নন্দন পার্কের সামনের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। একটি মোটরসাইকেলে করে দুই যুবক কালিয়াকৈরের দিক থেকে নবীনগরের দিকে যাচ্ছিলেন। চেকপোস্টে পৌঁছালে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে থামান। কাছে যাওয়া মাত্রই ওই দুই যুবক মুকুল ও নুর আলমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
আহত অবস্থায় মুকুল ও নূর আলম দৌড়ে সড়কের পাশের একটি হোটেলের মধ্যে ঢুকে পড়েন। পরে ওই দুই যুবক পিছু পিছু এসে ওই হোটেলে ঢুকে আবারও তাঁদের ছুরিকাঘাত করেন এবং গুলি করেন। এরপর কয়েকটি ফাঁকাগুলি করে যুবকেরা চলে যান।
স্থানীয়রা গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সেখান থেকে আশুলিয়া থানা-পুলিশের অ্যাম্বুলেন্সে করে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুকুল মারা যান।
এর আগে দুই বিদেশি হত্যা ও পুরান ঢাকার হোসেনি দালানের সামনে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে গ্রেনেড হামলার দায় আইএস স্বীকার করেছিল বলে ওই সময় জানিয়েছিল সাইটটি।
এআই





