শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক ও প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে মোট এক হাজার ৬৮৮ শিক্ষককে পদোন্নতি দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার পদোন্নতি দিয়ে পদায়ন করে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করা হয়েছে।
সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে ৬৪৩ শিক্ষককে। অপরদিকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন এক হাজার ৪৫ জন।
পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের আগামী ১৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩৬৭ সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় পদোন্নতি চূড়ান্ত করা হয়।
এএইচ





