রাজশাহী মহানগরীর নিউ ডিগ্রি কলেজে ছাত্রলীগের হামলায় রাজু সরকার (২৩) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ নেতারা এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন।

পুলিশ সদস্য রাজু রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের (আরএমপি) দাঙ্গা বিভাগে কনস্টেবল পদে কর্মরত। তিনি ছুটি নিয়ে নিউ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে অনার্স পরীক্ষায় অংশ নিচ্ছেন। রাজু রাজশাহী কলেজে বাংলা বিভাগের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্য রাজু বুধবার কলেজে আসেন অনার্স পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। পরীক্ষা শেষে তিনি শহীদ মিনারের সিঁড়িতে বসে ছিলেন। এসময় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাকে শহীদ মিনারে বসতে নিষেধ করেন। রাজু সে স্থান থেকে না উঠে ছাত্রীলীগের নেতা-কর্মীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে লাঠি দিয়ে মারপিট করেন। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

রাজু জানান, ছাত্রলীগ নিউ ডিগ্রি কলেজ শাখার সভাপতি মাইনুল ইসলাম বাপ্পীসহ ৫/৬ জন নেতা-কর্মী তাকে বেধড়ক লাঠিপেটা করে। এর ফলে বুক, ঘাড়, হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।

ছাত্রলীগ নেতা বাপ্পী বলেন, ঘটনার সময় আমি নিউ ডিগ্রি কলেজে ছিলাম না। এসময় আমি রাজশাহী কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলাম। মোবাইল ফোনে আমি ঘটনাটি জানার পর নিউ ডিগ্রি কলেজে যাই। গত ১৬ ডিসেম্বর চার নম্বর ওয়ার্ডে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দ্বন্দ্বের জের ধরে বিষয়টি ছাত্রলীগের ওপর চাপানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীরা জড়িত না।

এমএম