জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সরকারি সফরেসফরে মরক্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। মরক্কোর স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় মারাকেশের মেনারা বিমানবন্দরে পৌঁছনোর কথা তার।
প্রধানমন্ত্রী মরক্কোর পশ্চিমাঞ্চলীয় শহর মারাক্কেশে আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্পর্কিত ২২তম কনফারেন্স অব পার্টিস-এর (কপ-২২) উচ্চপর্যায়ের দুটি বৈঠকে যোগ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সফরে ৫৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। এই দলে রয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নেওয়া হবে। এ সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার মারাক্কেশের বাব ইগলী হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কপ-২২’র উচ্চপর্যায়ের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।
এর আগে মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মেদ, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও ইউনিসেফের এক্সিকিউটিভ সেক্রেটারি পেট্রিসিয়া এসপাইনোসা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের অভ্যর্থনা জানাবেন।
বিকেলে কপ ২২-এর যৌথ উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী ৪৯তম বক্তা হিসেবে বক্তৃতা করবেন।
শেখ হাসিনা তাঁর বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ও সমন্বিত প্রয়াস এগিয়ে নিতে প্রচারাভিযান জোরদার করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাবেন।
একই দিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের দেওয়া ভোজসভায় যোগ দেবেন।
তিনদিনের সফর শেষে প্রধানমন্ত্রী ১৬ নভেম্বর দেশে ফিরবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।
এ বছর ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত এ সম্মেলনের আয়োজন করা হয়। কপ ২১-এ গৃহীত ঐতিহাসিক চুক্তির পর এটাই হচ্ছে প্রথম বড় ধরনের কোনো সম্মেলন। গত বছর ডিসেম্বরে প্যারিসে কপ ২১-এর সম্মেলন অনুষ্ঠিত হয়।
গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ হ্রাসে ১৯৯৪ সালে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন শুরু হয়। এই কনভেনশনের সর্বোচ্চ পরিচালনা কর্তৃপক্ষকে কপ হিসেবে অভিহিত করা হয়।
এ পর্যন্ত ১৯৫ দেশ এতে অনুসমর্থন দিয়েছে। দেশগুলো কনভেনশনের কাজের অগ্রগতি মূল্যায়ন ও সমঝোতা প্রক্রিয়া জোরদারে বছরে একবার দুই সপ্তাহ সময়ে একত্রিত হয়।
এমবি





