ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলে যাতায়াতের অন্যতম নৌরুট মুন্সীগঞ্জের নতুন ঘাট শিমুলিয়া-কাওড়াকান্দিতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

পদ্মায় কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় রোববার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। উভয় ঘাট থেকে ছেড়ে আসা ৫টি ফেরি সোমবার সকাল ৯টা পর্যন্ত মাঝ পদ্মায় নোঙর করে আছে। ৫টি ফেরিতে শতাধিক গাড়িসহ প্রায় ৫০০ যাত্রী আটকা পড়েছেন।

ফেরির পাশাপাশি স্পিডবোট, ট্রলার ও লঞ্চ পারাপার বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এ্যাম্বুলেন্স, জরুরী ওষুধ ও কুরিয়ার সার্ভিসের বিভিন্ন গাড়িও ঘাটে দীর্ঘ সময় ধরে আটকা রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) সিফাত হাসান জানান, ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ৫টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে আছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলেও জানান তিনি।

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪০০ গাড়ি। শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারাপারের জন্য যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল বাতেন মিয়া জানান, কুয়াশার তীব্রতায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় ফেরির চালকরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হন। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

জেআই