ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) তথ্যানুযায়ী, বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ২০১৫ সালে বাংলাদেশের অবস্থান ১৩তম। এর আগের বছর এ অবস্থান ছিল ১৪তম।
বুধবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান টিআইবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘এরা কী ট্রান্সপারেন্সি করবে আমি বুঝি না।’
সচিবালয়ে বুধবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণরোধে করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন তিনি।
শাজাহান খান বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সম্পর্কেই তো ট্রান্সপারেন্সির (স্বচ্ছতা) প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এরা কী ট্রান্সপারেন্সি করবে আমি বুঝি না। তারপরও যেটা বলতে চাই, তা হলো এক নম্বর থেকে যে ১৩ নম্বরে আনা হইছে, এটা তো শেখ হাসিনার একটা বিশাল সাফল্য। এটা তো স্বীকার করতেই হবে।’
টিআইবির প্রতিবেদনের দুর্নীতির বিশ্বজনীন ধারণা সূচক অনুযায়ী, বাংলাদেশের স্কোর অপরিবর্তিত থাকলেও অবস্থান একধাপ অবনতি হয়েছে।
বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে দুর্নীতির যে ধারণা সূচক বা সিপিআই-২০১৫ (করাপশন পারসেপশনস ইনডেক্স) প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এ তথ্য উঠে এসেছে।
এমএইচ





