চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করতে গেলে জনতা তিন জনকে আটক করে গণপিটুনি দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ওই ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে পালাবার সময় জনতার হাতে ধরা পড়ে তিন যুবক।
তারা হলো- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের আশিক আহম্মেদ কলিন্স (২৫), আরিফ আহম্মেদ বিপ্লব (২৩) ও কেশবপুর গ্রামের ফাইম (২২)।
অপহরণের ব্যবহৃত মাইক্রোবাসটি জনতা ভাঙচুর করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী ওই ছাত্রী দুই বান্ধবীসহ কলেজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় অপহরণকারীরা ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। তার চিৎকারে স্থানীয়রা মাইক্রোবাসটি ধাওয়া করে ছাত্রীকে উদ্ধার করে। পরে মাইক্রোবাসটি ভাঙচুর এবং অপহরণকারীদের বেধড়ক মারপিট করা হয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে সদর থানায় নিয়ে আসে। মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়।
এমএম





