শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন সমবায় ভবনসহ সব জাতীয় ভবনের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এসব ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও করা হবে।

বিদ্যুৎ উৎপাদনকে শুধু সরকারি উদ্যোগ হিসেবে না দেখে ব্যবসায়িক সম্ভাবনা হিসেবেও দেখার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা সামনে রেখে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে মাঠপর্যায়ে সতর্ক থাকার জন্য ইউএনওদের নির্দেশ দেন মীর শাহে আলম।

তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইউএনওদের সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ কাজে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ইউএনওদের জন্য একটি ঐচ্ছিক তহবিলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মীর শাহে আলম।

তিনি বলেন, এলাকার দরিদ্র মানুষ বিভিন্ন প্রয়োজনে ইউএনওদের কাছে সহায়তার জন্য আসেন। তাই প্রতিটি ইউএনওর জন্য একটি ঐচ্ছিক ফান্ড থাকা জরুরি। এই তহবিল থেকে দরিদ্র মানুষকে তাৎক্ষণিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ অর্থের ব্যবস্থা করতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে সমাধানে আসার কথাও বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়নে ইউএনওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি তাঁরা সরাসরি তদারকি করছেন।

ডিসি সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও প্রতিবছর সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন তিনি। এতে উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা ও বিভিন্ন দাবি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আগের সরকারের সময়ে সরকারি নির্দেশনা পালন করতে গিয়ে অনেক কর্মকর্তাকে চাকরি হারাতে হয়েছে। তবে বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে দিনের ভোট রাতে করা বা ডামি নির্বাচন করার নির্দেশ দেবে না।

রাজনৈতিক ক্ষেত্রেও সরকার ব্যবস্থা নেওয়া শুরু করেছে বলে দাবি করেন তিনি। মিরপুরের ঘটনার পর উত্তরের কমিটি বাতিল এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার নেবে না।

এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এস