যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে এক আসামিকে গ্রেফতার করার পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

আজ (২৭ নভেম্বর)মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে সদর উপজেলার দোগাছিয়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। এই তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) সৌমেন দাস।

নিহত সেলিম (৪০) যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

পরিদর্শক সৌমেন বলেন, সোমবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার এক বাড়ি থেকে পলাতক আসামি সেলিমকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ।

“সেখানে অবস্থান নিয়ে থাকা সেলিমের সহযোগীরা গুলি শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে সেলিম পালানোর চেষ্টা করলে তার মাথায় গুলি লাগে।”

পরে সেলিমকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা সৌমেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

এমবি