নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যাকাণ্ডে স্থানীয় এমপির পিএসসহ কাছের লোক জড়িত বলে প্রকাশ্যে অভিযোগ করা হয়েছে।

বুধবার দুপুরে যশোর জেলা বরাবর স্মারকলিপি দেয়ার আগে সমাবেশে কালেক্টরেট চত্বরে নেতারা এ অভিযোগ করেন। এ সময় হত্যাকারী ও খুনের নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করা হয়। সমাবেশ শেষে নেতারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।

সমাবেশে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আব্দুল ওয়াহাব বলেন, ‘মোল্যা ওলিয়ারের খুনিদের মধ্যে যারা আটক হয়েছে তারা আদালতে ১৪৪ ধারায় হুকুমদাতা ও গডফাদারদের নাম বলেছেন। যশোর-৪ আসনের এমপি রণজিতের পিএস সুকুমারের নাম এলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।’

বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আব্দুল মজিদ বলেন, ‘অপকর্মের কারণে টাঙ্গাইলের এক এমপিকে প্রধানমন্ত্রী জেলে পাঠিয়েছেন। তাই ওলিয়ারের খুনিরা যতো বড়ই ক্ষমতাধর হোক পুলিশকে তাদের আটক করতে হবে।’

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘১৪৪ ধারা জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার সঙ্গে জড়িতরা দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপির সন্ত্রাসী।’ তাই সন্ত্রাসীদের গ্রেপ্তারে তিনি প্রশাসনকে আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা এসএম মাহমুদ হাসান বিপু।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আলী রায়হান, এসএম আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, আসাদুজ্জামান আসাদ, রেজাউল ইসলাম, আব্দুল মতলেব বাবু, শাহারুল ইসলাম, অভয়নগরের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।

জেআই