রাজধানীর শাহবাগ মোড়ে মতিঝিল থেকে জয়দেবপুরগামী বেলাল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলার সময় শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবেশী দুর্বৃত্তরা বাসটিতে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়। এ সময় বাসটিতে বেশ কয়েকজন যাত্রী থাকলেও নিরাপদেই নেমে যেতে সক্ষম হন তারা। কিছুক্ষণের মধ্যেই আগুনে পুরোপুরি পুড়ে যায় বাসটি।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর গোলাম মোস্তফা বলেন, আমাদের সদর দপ্তর থেকে ইতোমধ্যেই একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। গাড়িটি এখনও পুড়ছে। পুলিশ বর্তমানে ঘটনাস্থল কর্ডন করে রেখেছে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ কমসূর্চির ষষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে আজ (শনিবার)। খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় সরকার বিরোধী এই রাজনৈতিক জোট।

জেআই