নড়াইলের বিভিন্ন স্থানে পানিতে ডুবে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক শিশুর মৃতদেহ শুক্রবার দুপুরে এবং তিনজনের মৃতদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা ১টার দিকে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের বিল্লাল মোল্লার মেয়ে মেহনাজ (৭) ও লিটন মোল্লার মেয়ে মরিয়ম (৭) সহ আরও চারটি শিশু নদীতে গোসল করতে নামে। নদীতে প্রচন্ড স্রোত থাকায় মেহনাজ ও মরিয়ম ডুবে যায়।

মেহনাজের লাশ বৃহস্পতিবার উদ্ধার করা হয়। একদিন নিখোঁজের পর শুক্রবার দুপুরে মরিয়মের লাশ পাওয়া যায়। এছাড়া সদরের আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের পিন্টু কর্মকার (৭০) বুধবার দুপুরে নদীতে গোসল করতে নেমে হারিয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে অগ্নিনির্বাপক বাহিনীর ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে মহিষখোলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। এছাড়া একই উপজেলার মির্জাপুর গ্রামের ওমর গাছি (৭০) নামের এক বৃদ্ধের লাশ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়।

নড়াইল অগ্নিনির্বাপক বাহিনীর ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, ভদ্রবিলা গ্রামে পানিতে ডুবে যাওয়া মরিয়মকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার করেছে ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস জানান, এসব ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এমবি