গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ৩টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
কোটালীপাড়া উপজেলার উত্তরপাড় গ্রামে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতের মধ্যে সুফিয়া বেগম (৬৫), ফরহাজুল সিকদার (৫০), হাসিনা বেগম (৫০), বাচ্চু সিকদার (৫০) ও ইদ্রিস শেখকে (৪৫) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন।
এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ নিয়ে থানায় আসেনি। বিষযটি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হয়েছে বলে শুনেছি। অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এলাকাবাসী জানায়, শুক্রবার তারাবি নামাজ শেষে রাত ১১টার দিকে ওই গ্রামের আর্জেন্টিনার সমর্থক মিজান সিকদার ব্রাজিল সমর্থক ইদ্রিস শেখকে উদ্দেশ্য করে ৭-০ গোলে হারা নিয়ে কটূক্তি করে নানা মন্তব্য করে। এ নিয়ে দু’জনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে মহিলাসহ ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা, ১২ জুলই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





