রাজধানীর ফার্মগেট এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক যুবক আহত হয়েছেন। আহত যুবকের নাম শরীফুল ইসলাম রনি (৩৫) বলে জানা যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর উত্তেজিত জনতা বাস দু’টি (ছয় নম্বর বাস) ভাঙচুর করে।
রনি রাজধানীর ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের আইটি বিভাগে কাজ করেন বলে জানিয়েছেন তার মামা টিটু।
তেজগাঁও থানার অফিসার ইন চার্জ(ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দু’টি বাসের একটি আটক করা হয়েছে। আর অন্যটি পালিয়ে গেছে।
টিটু ও প্রত্যক্ষদর্শী ফাইয়াদ জানান, রাতে ফার্মগেটের আল-রাজি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা দু’টি বাসের মাঝখান দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রনি। এসময় বাস দু’টি চলতে শুরু করলে তিনি দুই বাসের মাঝখানে চাপা পড়ে আহত হন।
টিটু আরো জানান, গুরুতর অবস্থায় রনিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ল্যাব এইডে নেওয়া হয়।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





