সুন্নী আন্দোলনের নেতা ও চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্জ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সুন্নী আন্দোলন বাংলাদেশ-এর ব্যানারে নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বক্তারা বলেন, ফারুকী মানুষের ঈমান রক্ষা ও দ্বীনের সুরক্ষায় নিবেদিত ছিলেন। এ হত্যাকাণ্ডের কারণে দ্বীন-মিল্লাত ও সুন্নীয়তের ওপর এক মারাত্মক আঘাত ও অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।
তারা বলেন, সত্য ও সুন্নীয়তের প্রকৃত ও পূর্ণাঙ্গ ধারায় ঐক্যবদ্ধ করতে নির্মম এ হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। অবিলম্বে খুনিদের গ্রেফতার করা না হলে রাজপথে আন্দোলন করা হবে।
মানববন্ধনে সুন্নী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সম্পাদক মাঈনুল বারী জাকারিয়া, সংগঠনের নেতা আল্লামা সূফী আহমেদ শাহ মোর্শেদ, আবু আবরার চিশতী, জয়নাল আবদীন প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





