রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ ও রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পার্বত্য বাঙ্গালী কোটার  দাবীতে আগামী ৬মার্চ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।

সংগঠণটির রাঙ্গামাটি জেলা শাখার প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচীর কথা জানানো হয়।

এর আগে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হরতালসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেন সংগঠণটির প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া।

কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান।

২৩ ফেব্রুয়ারি পার্বত্য বাঙ্গালি কোটার দাবীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয় ঘেরাও।

২৮ ফেব্রুয়ারি  তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

এবং আগামী ৬ মার্চ তিন পার্বত্য জেলায় সকাল- সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন।

কর্মসূচী ঘোষণা কালে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ হলেও এখানে সাংবিধানিক ভাবে বাঙ্গালীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিনত করা হয়েছে।

বর্তমান রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির নিকট ছাত্র/ছাত্রী ভর্তির ক্ষেত্রে এবং কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বাঙ্গালি কোটা দেওয়ার আহবান জানান।  এসময় রাঙ্গামাটি মেডিকেল কলেজে শীঘ্রই পার্বত্য বাঙ্গালী কোটা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, বহুল বিতর্কিত পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন ২০১৬ বাতিল করতে হবে। নানিয়ারচরের, বেতছড়ির ট্রাকের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি পূরন এবং গাড়ী ও মালা-মাল পুড়ানো পাহাড়ী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করতে হবে।

এস.এস.সি পরীক্ষার ২০১৭ ঢাকা বোড ২ ফেব্রুয়ারীতে বাংলা প্রশ্নপত্রে সংবিধান পরিপন্থি আদিবাসী লিখা প্রশ্ন প্রণয়নকারী শিক্ষকদের বিচার করতে হবে। ৩ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজী রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এম মাসুম রানার উপর উপজাতি সন্ত্রাসী কর্তৃক হামলা কারীদের গ্রেফতার করতে হবে ও তার নিজস্ব ব্যবহৃত গাড়ীটি পুড়িয়ে দেওয়ায় ক্ষতি পূরণ  দিতে হবে।

এসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এর পরেও যদি এসকল দাবী পূরণ করা না হয় তবে, দাবী আদায়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সিদ্দিক/এমবি