সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তদন্তে প্রমাণিত পাঁচ ভুয়া মুক্তিযোদ্ধা সচিবের একজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. নিয়াজউদ্দিন মিয়া জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নিয়াজউদ্দিন মিয়া গত ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের অগ্রবর্তী দলের সঙ্গে ইতোমধ্যে আমেরিকায় চলে গিয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকা সূত্রে তথ্যে জানা গেছে, মো. নিয়াজউদ্দিন মিয়ার নাম প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে ‘বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি বৃন্দের তালিকার পঞ্চম স্থানে রয়েছে।
এমিরেটস এয়ার লাইন্সের (ফ্লাইট নং-ইকে ৫৮৫) একটি বিমানে রবিবার রাত সাড়ে নয়টায় বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরে তিনি ১৮৫ জনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।
আগামি ২ অক্টোবর প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলেও এখনো পর্যন্ত সচিবদের মুক্তিযোদ্ধা সনদ বাতিলে গত এক সপ্তাহেও আদেশ জারি করেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। (সূত্র: দ্যা রিপোর্ট)
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





