শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য প্রদান করায় অনুষ্ঠান বর্জন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সকাল ১০টায় নালিতাবাড়ীর তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

বরাবরের মতো উপজেলা প্রশাসন তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কচুকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রটোকল অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মোখলেছুর রহমান রিপন।

এ সময় তিনি লিখিত বক্তব্য প্রদানের সময় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য প্রদান করলে উপস্থিত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এর তীব্র প্রতিবাদ জানিয়ে তারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেন।

উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ মোল্লা তাৎক্ষণিকভাবে এ বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

এদিকে উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবি করে উপজেলা যুবলীগ, শহর যুবলীগ উপজেলা পরিষদের চেয়ারম্যনের কক্ষে তালা লাগিয়ে দেন। তারা জানান, চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত ওই কক্ষের তালা খুলবে না।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন বলেন, আসলে মুখ ফসকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি বলে ফেলেছি। এ জন্য আমি ক্ষমা প্রার্থনাও করেছি।

এএইচ