ঘূর্ণিঝড় 'মোরা'র প্রভাবে সৃষ্ট প্রবল ঝড়ো বাতাসে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে রাঙামাটিতে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।

এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে প্রধান সড়কের ওপর গাছ উপড়ে পড়ার পাশাপাশি ঘরবাড়ির চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝোড়ো বাতাস শুরু হলেও দুপুর নাগাদ এর তীব্রতা বাড়তে শুরু করে।

দুপুরের দিকে শহরের ভেদভেদীস্থ সড়ক ও জনপদ বিভাগের কারখানা বিভাগ এলাকায় একটি বসতঘরের উপর গাছ পড়লে ঘটনাস্থলেই মারা যায় রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মাহিমা আক্তার (১৪)।

প্রায় একই সময় শহরের আসাম বস্তি এলাকায় ঘরের উপর গাছ পড়লে মারা যায় হাজেরা বেগম (৪৫) নামের এক নারী। এ সময় তার শিশুপুত্র জুনায়েদও (৫) গুরুতর আহত হয়। রাঙামাটি সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. আবু তৈয়ব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুম/এমবি