ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় যাত্রীবাহী বাসটি সড়কের পাশের একটি খাদে পড়ে গেলে আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী।

আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতাল ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় কালামপুর-সাটুরিয়া সড়কের মধুঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী জনসেবা পরিবহণের একটি যাত্রীবাহী বাস মধুঘাটি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনের একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। আহত হন বাসের অন্তত ২০ যাত্রী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ধামরাই থানার অফিসার ইন চার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।

কেএইচ