নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নের রামগঞ্জ-চাটখিল সড়কে জননী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

ঘটনায় বাসে থাকা অন্তত আরো ১৫জন যাত্রী আহত হয়েছেন। নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে আগুনীবাড়ী পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে লক্ষীপুর জেলার রামগঞ্জ থেকে নোয়াখালীর উদ্দেশ্যে জননী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস (কুমিল্লা মেট্রো-জ ০৪০২০৫) ছেড়ে আসে। বাসটি চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নের আগুনীবাড়ী পোল এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খালের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বাস দূর্ঘটনায় এক যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ