ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব ও ভারীবর্ষণে সৃষ্ট জোয়ারে ছোট ফেনী নদী ও বামনিয়া নদীর পানি বেড়ে কোম্পানীগঞ্জের উপকূলীয় এলাকার ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার দুপুরের পরে গ্রামগুলো প্লাবিত হয়ে দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।
গ্রামগুলো হলো- উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকচ্ছপিয়া, ৪নং ওয়ার্ড পূর্ব চর লেংটা, ৫নং ওয়ার্ড ক্লোজার ঘাট, ৯নং ওয়ার্ড গাংচিল এবং চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম ও জেলেপাড়া গ্রাম।
চরএলাহি রেড ক্রিসেন্ট সেন্টারের সভাপতি আব্দুল গণি জানান, জোয়ারের পানিতে গ্রামগুলো প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ওই গ্রামগুলোর কয়েক হাজার মানুষ।
এছাড়াও ঝড়ো বাতাস ও গত কয়েকদিনের ভারীবর্ষণে গ্রামগুলোর অনেক কাঁচা ঘর-বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকেলে জোয়ারের পানিতে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান। এসময় তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআর





