নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যুবলীগের গুলিতে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। নিহত ছাত্রদল কর্মীর নাম মোরশেদ আলম পারভেজ (২৬)। 

বৃহস্পতিবার রাতে সোনাইমুড়ি আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের তিনতেড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের কামলা বাড়ির আলমগীর হোসেনের ছেলে।

সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সেলিম জানান, মোরশেদ আলম পারভেজ ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের স্থানীয় আবিরপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়।

এ ঘটনার জের ধরে রাতে আবিরপাড়া গ্রামের তিনতেড়ী এলাকায় শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড ও যুবলীগ নামধারী ক্যাডার জাকির ছাত্রদল কর্মী মোরশেদ আলম পারভেজ দেখতে পেয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পারভেজ মারা যান।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কেএইচ/ জেএ