চট্টগ্রামের সাতকানিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার দেওদিঘী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী (৫৬)। তিনি উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার কবির আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র ব্যবসায়ী মোহাম্মদ আলী একটি বিদেশি পিস্তল বিক্রি করার জন্য উপজেলার দেওদিঘী বাজার এলাকায় আসার গোপন সংবাদ পাওয়ার পর সাতকানিয়া থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, মো. আরমান হোসেন ও সহকারী উপ-পরিদর্শক আনছারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

সহকারী উপ-পরিদর্শক আনছারুল হক বলেন, 'মোহাম্মদ আলী একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছেছিল।'

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মোহাম্মদ আলী অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে।'

এমএনজে