গাইবান্ধায় একটি বিদ্যালয়ের শৌচাগারের ছাদ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের একটি দল।

এরা হলেন ঠিকাদার আব্দুল খালেক সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী আরিফ বিল্লাহ ডাকুয়া। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে গাইবান্ধা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক (শৌচাগার) নির্মাণকাজে এ ঘটনা ঘটে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রায় সাত লাখ টাকা ব্যয়ে ওয়াশ ব্লক নির্মাণকাজের দায়িত্ব পান ঠিকাদার আবদুল খালেক। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ঢালাইয়ে কাজটি দিনে না করে রাতে করতেন। বাঁশের কঞ্চি ব্যবহারের বিষয়টি এলাকাবাসীর নজরে এলে ঠিকাদারের লোকজন পালিয়ে যায়।
এমই