রাজধানীর বংশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী একটি বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার মা।

আজ শনিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে বংশাল থানার নর্থসাউথ রোড এলাকায় আবদুর রাজ্জাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই ছাত্রীর নাম সাদিয়া জাহান (২২)। তিনি পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন। নিহত ছাত্রীর মা শাহীনা সুলতানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত শাহিনা সুলতানা জানান, ট্রেনে রাজশাহী থেকে মেয়ে সাদিয়া জাহানসহ সকালে কমলাপুরে আসেন। সেখান থেকে মেয়ের হোস্টেলে যেতে অটোরিকশা নেন। বংশালে নর্থসাউথ রোড এলাকায় আসলে একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেন। এতে মা-মেয়ে দু'জনে আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে মেয়ে সাদিয়া জাহানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

এমবি