সাভারের আশুলিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মামলা করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় ৬ জনকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

রোববার গভীর রাতে নয় ব্যক্তিকে নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম মামলাটি দায়ের করেন।

এরপর সোমবার (২৩ মার্চ) সকালে আশুলিয়ার দোসাইদ, বাসাইদ ও আউকপাড়া বস্তিতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় ৬ ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আশুলিয়ার সোহেল, সামসুল, আব্দুল মালেক, শাহজাহান, খলিল, শামিউল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এলাকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।

এমকে