গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে রীতিমতো ইলিশভোজ করলেন সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে সাক্ষাতের পর আয়োজিত মধ্যাহ্নভোজে ছিল কয়েক পদে বাসমতি চালের ভাত, ইলিশ, চিংড়ি, মুরগী, সবজি ও সালাদ।
ইলিশের কয়েক পদের মধ্যে ছিল ইলিশ ভাজা, সরিষা ইলিশ, ভাপা ইলিশ। সঙ্গে চিতল মাছের কোপ্তা, চিংডির কারি, চিকেন কারি, মিক্সড ভেজিটেবল কারি, মিক্সড ভেজিটেবল সালাদ ইত্যাদি। আরো ছিল বাংলার বিখ্যাত রসগোল্লা।
সব মিলিয়ে বাঙালি অতিথেয়তারই পরাকাষ্ঠার প্রমাণ পেলেন মমতাসহ তার সফর সঙ্গীরা।
এতো পদের ইলিশ খেয়েও তৃপ্তি মেটেনি অতিথিদের। তাদের পক্ষে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আরো বেশি ইলিশ আমদানির দাবি রেখেছেন মমতা। এর জবাবে প্রধানমন্ত্রীও মজা করে জানিয়েছে দিয়েছেন আন্তঃনদী পানির ন্যায্য হিস্যার দাবি। তিনি বলেছেন, ‘পানি দেন আরো বেশি ইলিশ যাবে’।
ভোজ শেষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর একটি দুর্লব ছবি উপহার দেন। আর প্রধানমন্ত্রী তাকে দেন শাড়ি ও নৌকা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফরসঙ্গী রয়েছেন নায়ক দেব, নচিকেতা, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ দুই বাংলায় জনপ্রিয় শিল্পীরা।
জেআই





