আগামী ২৫ অক্টোবর থেকে খাদ্যশস্য বাজারজাত করণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম রোববার এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, পণ্য সরবরাহ ও বিতরণে কৃত্রিম তন্তুর মোড়কের ব্যবহারে সৃষ্ট পরিবেশ দূষণ রোধকল্পে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণে 'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০' এবং 'বিধিমালা-২০১৩' প্রণীত হয়েছে। ওই আইন লঙ্ঘন দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারী কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন।
এ ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট সবার জন্য অনুসরণীয় দিকনির্দেশনাও দিয়েছে। যেমন ২০ কেজি ও তদূর্ধ্ব পরিমাণ ধান, চাল, গম, সার ও চিনি মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। ভুট্টা মোড়কীকরণে ১০০ শতাংশ পাটজাত বস্তা ব্যবহার অব্যাহত থাকবে। রাইস মিল, চাতাল মালিক ও চালের দোকানদাররা পণ্য বাজারজাতকরণে ১০০ শতাংশ পাটের বস্তা ব্যবহার করবেন।
এআর





