হবিগঞ্জের বানিয়াচংয়ে ছিলাপাঞ্জা এলাকায় একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন অবরোধ সমর্থকরা।
এ সময় আগুন থেকে বাঁচতে ট্রাক থেকে লাফ দিয়ে তিনজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে এ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর থেকে আলুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৬-০২৩১) রাতে আলু নিয়ে বানিয়াচং উপজেলা সদরে যায়।
ফিরে আসার পথে খালি ট্রাকটি ছিলাপাঞ্জা এলাকায় পৌঁছালে মুখোশধারী অবরোধ সমর্থকরা ট্রাকটি লক্ষ করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকটিতে আগুন ধরে যায়।এ সময় আগুন থেকে বাঁচতে ট্রাকের তিন আরোহী লাফ দিলে আহত হন।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটক করতে পুলিশি অভিযান চলছে।
ইআর





