সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা নদীর ভাঙনে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে না।

নদীভাঙন অব্যাহত থাকলে একদিকে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে, অপরদিকে সেতুর নির্মাণকাজও এগিয়ে যাবে।’

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় পদ্মাসেতু প্রকল্পের পশ্চিম অংশের ভাঙন এলাকা সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘পদ্মার ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ জন্য যদি পাঁচ কোটি জিও ব্যাগও ফেলতে হয় তা করা হবে। কোনোভাবেই পদ্মাসেতুর কাজ বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।’

প্রসঙ্গত, মুন্সীগঞ্জের লৌহজংয়ের প্রকল্প এলাকার ২নং জেটি, ২নং মিকচার প্লানসহ পদ্মা সেতুর জরুরী সরঞ্জামাদি রবিবার রাতে পদ্মার গর্ভে বিলীন হয়ে যায়।

জরুরীভাবে জিও ব্যাগে বালু ফেলে ওই ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। জুলাই মাসেও কয়েক দফায় এ প্রকল্প এলকায় ভাঙন দেখা দেয়।

মন্ত্রীর সঙ্গে এ সময় নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, পদ্মাসেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) মো. দেওয়ান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ