খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রূপসা উপজেলার দেবীপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত বৃদ্ধার নাম সালেহা বেগম। তিনি ওই এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ওই বৃদ্ধা ৭ দিন আগে তার নাতির সঙ্গে ঢাকা থেকে উপজেলার দেবীপুর গ্রামের বাড়িতে ফেরেন। তিনি তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাও নেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে তিনি বাড়িতে মারা যান।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার জানান, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। তাদের দ্রুত হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত বৃদ্ধা ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হবে।
এমবি





