মতলব-ঢাকা (শ্রী রায়েরচর-দাউদকান্দি) সড়কের মতলব উত্তর উপজেলার ঘোষের হাট এলাকায় শনিবার বিকাল ৫টায় মতলবগামী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই রুবেল (২৭) নামে এক যাত্রী নিহত হয়।
নিহত রুবেলের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামে। তাঁর বাবার নাম রেজ্জাক গাজী।এ সময় অপর তিন যাত্রীসহ সিএনজি চালক শরীফ গুরুতর আহত হয়। আহতদের কে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রর্তক্ষদর্শীরা জানান, যে স্থানে সিএনজি দুর্ঘটনায় পতিত হয়েছে সেই স্থানে কয়েকটি মোড় রয়েছে। চালকের বেপরোয়া গতির কারণে মোড় ঘুরতে গিয়ে খাদে পড়ে যায় যাত্রীবাহী সিএনজিটি। মতলব উত্তরে একাধিক সিএনজি চালকের ড্রাইভিং লাইন্সেস নেই। অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এইসব সিএনজি অদক্ষ চালকেরা চালাচ্ছে। এছাড়া ইজিবাইক, নছিমন, করিমনগুলো যে ভাবে সড়কে বেপরোয়াভাবে চলাচল করে তা যেন দেখার কেউ নেই।
দুর্ঘটনার স্থান থেকে উপজেলার মিঠুরকান্দি গ্রামের দুই যুবক ফরহাদ ও শিপু আহতদের মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করে। অপর যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সিএনজি চালক শরীফ (১৭) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনজির যাত্রী কাউছার আহমেদ জানান, ঢাকা থেকে শ্রী রায়েরচর হয়ে মতলব আসার পথে ঐ স্থানে চালকের বেপরোয়াভাবে সিএনজি চালানোর কারণে মোড় ঘুরতে গিয়ে সড়কের পাশের গর্তে পড়ে যায়। আমারা কয়েক বার তাকে গতি কমিয়ে চালানোর কথা বলেছিলাম।
দুর্ঘটনার খবর পেয়ে নিহত রুবেলের পিতা-মাতা হাসপাতালে এসে ছেলের লাশ দেখে হতবাক হয়ে যায়। বার বার রুবেল রুবেল বলে চিৎকার করতে থাকে। ছয় ভাই বোনের মধ্যে রুবেলই সবার বড়। সে ঢাকায় ব্যবসা করতো বলে পরিবারসূত্রে জানা যায়। নিহত রুবেল স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ইআর





