ঠাকুরগাঁওয়ের কান্দিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে রব্বানী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ (২০ অক্টোবর) শনিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী ইউনিয়নের কান্তিভিটা ৩৮৫ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রব্বানি বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী ইউনিয়নের বেলতলা গ্রামের পুরাকাঠির ছেলে। তিনি ৪-৫দিন থেকে নিখোঁজ ছিলেন বলে জানান স্থানীয়রা।
ঠাকুরগাঁও ৫০-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিও তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি’র সিও বলেন, রব্বানি গরু ব্যবসায়ী না মাদকবিক্রেতা নাকি তিনি পথ ভুলে ওই দিকে গিয়েছিলেন তা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। তবে শুনেছি তিনি চার-পাঁচদিন থেকে নিখোঁজ ছিলেন।
এমবি





