ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ১৫ রুটে চলাচলকারী বেসরকারি লঞ্চ এবং বিআইডব্লিউটিসির নৌযানের বিশেষ সার্ভিস শুরু হচ্ছে শুক্রবার থেকে। ঈদের পরবর্তী এক সপ্তাহ এ সার্ভিস অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশেষ সার্ভিস চলাচালে নৌপথে বেসরকারি লঞ্চ মালিকদের যাত্রী জিম্মি করার রোটেশন প্রথা থাকবে না। বরিশাল-ঢাকা রুটে ১২-১৫টি লঞ্চ ঈদের আগে ঢাকা থেকে এবং ঈদের পরে বরিশাল থেকে বিপরীত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

সূত্রগুলো জানায়, ঈদের আগে শেষ সরকারি কর্মদিবস হচ্ছে বৃহস্পতিবার। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য ঘরমুখো যাত্রা শুরু হবে, এমন হিসাবে শুক্রবার থেকে শুরু করা হবে নৌপথের বিশেষ সার্ভিস।

বেসরকারি লঞ্চ মালিকদের বিশেষ সার্ভিসের রুটগুলো হলো ঢাকা-চাঁদপুর, ঢাকা-বরিশাল, ঢাকা-ভোলা, ঢাকা-বরগুনা, ঢাকা-ইচুলী, ঢাকা-মাদারীপুর, ঢাকা-কালাইয়া, ঢাকা-বোরহাউদ্দিন, ঢাকা-পটুয়াখালী, ঢাকা-আমতলী, ঢাকা-হুলারহাট, ঢাকা-লালমোহন, ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-টরকী এবং ঢাকা-লেতরা বাজার।

বুধবার বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম জানান, সংস্থার বিশেষ সার্ভিস শুক্রবার থেকে শুরু করা হবে। বিশেষ সার্ভিস চলাচালে ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী-হুলারহাট-মোড়লগঞ্জ নিয়মিত স্টিমার সার্ভিসের সঙ্গে ঢাকা-বরিশাল রুটে একটি বিশেষ জাহাজ থাকবে।

তিনি জানান, প্রথম দিন স্টিমার অস্ট্রিচ ঢাকা থেকে ছেড়ে মোড়লগঞ্জ পর্যন্ত যাবে। অন্যদিকে এমভি বাঙালি যাবে বরিশাল পর্যন্ত। বিআইডব্লিউটিসির বিশেষ সার্ভিস অব্যাহত থাকবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এমবিএইচ