প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন বন্ধে বিএনপি যে উদ্দেশ্যে দেশব্যাপী নাশকতা করেছিল, একই উদ্দেশ্যে কারো কারো প্ররোচনায় পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করেছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার সকালে রেল মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রেলপথে আরো উন্নয়ন করা আমাদের লক্ষ্য। এটি জনগণের যোগাযোগকে সহজ করার পাশাপাশি বিনিয়োগকেও উৎসাহিত করবে। কারণ বিনিয়োগে সবার আগে অবকাঠামোগত অবস্থানটাই দেখে।

তিনি আরো বলেন, বিএনপি জামায়াত জোটের আন্দোলনের নামে মূল আক্রমণটাই শুরু হয়েছিল রেল ও বাসের ওপর। আমাদের ৫৭ টি ইঞ্জিন আজ বিকল। এগুলো তারা করেছিল শুধু নির্বাচন ঠেকানোর জন্য।

রেল যোগাযোগ আরো গতিশীল করতে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের নেটওয়ার্ক ডুয়েল গেজে পরিণত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ সময় রেলমন্রী মজিবুল হকসহ রেলওয়ে সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইআর