আলোড়ন সৃষ্টিকারী সফল অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া মণি-মুক্তার আজ ৭ম জন্মদিন। এমনিতে তারা ভালো আছে। বিকালে পার্বতীপুরের ভবানীপুরে নানা দেবেন্দ্রনাথ পালের বাড়িতে তাদের জন্মদিন পালন করা হবে।
পারিবারিক সূত্র জানিয়েছে, এ বছর মণি-মুক্তা বীরগঞ্জের শতগ্রাম পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ছে। জম্মবার্ষিকীতে তারা সবার কাছে আশীর্বাদ চেয়েছে। তাদের বাবা জয় প্রকাশ পাল বলেন, ‘মণি-মুক্তার জন্মলাভের দিন কয়েকের কথা আজও ভুলব না। স্ত্রী কৃষ্ণা রানী পালের গর্ভে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে সিজারিয়ান সেকশনে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগা অবস্থায় দুই শিশুর জন্ম হয়।
গ্রামের মানুষ এটাকে অভিশপ্ত জীবনের ফসল বলে প্রচার করতে থাকে। সমাজের নানা কুসংস্কারে প্রায় একঘরে হয়ে পড়ি। নানা অপবাদে গ্রামে আসিনি। হতাশার মাঝে স্বপ্ন দেখি জোড়া লাগা শিশুকে নিয়ে। বিভিন্ন চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরতে থাকি। সবশেষে গত ৮ ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. এ আর খানের সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটি ভিন্ন সত্তা লাভ করে। নাম রাখি মণি-মুক্তা।’
এমবিএইচ





